• প্রেস বিজ্ঞপ্তি

    ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘জাতীয় আইন সম্মেলন ২০২৬’, গবেষণাপত্র আহ্বান

    ফেনী ইউনিভার্সিটি: দেশের আইন ও গবেষণাঙ্গনে জ্ঞানচর্চা, গবেষণার প্রসার এবং সমসাময়িক আইনি চ্যালেঞ্জ নিয়ে একাডেমিক আলোচনার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘জাতীয় আইন সম্মেলন ২০২৬’। ফেনী ইউনিভার্সিটি ল’ মুটিং সোসাইটি (ফুলমস)-এর আয়োজনে অনুষ্ঠিতব্য এ সম্মেলনকে সামনে রেখে গবেষক, শিক্ষক, আইনজীবী ও শিক্ষার্থীদের কাছ থেকে গবেষণাপত্রের সারসংক্ষেপ (Abstract) আহ্বান করা হয়েছে।

    এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘সীমানার ঊর্ধ্বে আইন: পরিবর্তনশীল বিশ্বে সার্বভৌমত্ব, নিরাপত্তা, ন্যায়বিচার ও বৈশ্বিক শাসনব্যবস্থা’। সম্মেলনে সমসাময়িক বিশ্বের গুরুত্বপূর্ণ আইনি, সামাজিক ও প্রযুক্তিগত বিষয়গুলো প্রাধান্য পাবে। গবেষণাক্ষেত্রের মধ্যে রয়েছে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক সম্পর্ক, মানবাধিকার, আন্তর্জাতিক মানবিক আইন, আন্তর্জাতিক অপরাধ, শরণার্থী সুরক্ষা, রাষ্ট্রহীনতা, পরিবেশগত ন্যায়বিচার, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তিনির্ভর আইনব্যবস্থা।

    সম্মেলনের তাৎপর্য তুলে ধরে ফেনী ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর (অ্যাক্টিং) ড. মাসুদুল হক চৌধুরী বলেন, "গবেষণানির্ভর জ্ঞানচর্চার বিস্তার এবং তরুণদের একাডেমিক আইনি দক্ষতায় উদ্বুদ্ধ করতে এই জাতীয় সম্মেলন ইতিবাচক ও সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। এটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি অনন্য প্ল্যাটফর্ম তৈরি করবে।" তিনি আরও ব্যক্ত করেন যে, এ সম্মেলনের মাধ্যমে তরুণ গবেষকদের গবেষণালব্ধ ধারণা উপস্থাপন, সমসাময়িক আইনি সমস্যার বিশ্লেষণ এবং সম্ভাব্য সমাধান নিয়ে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণের চমৎকার সুযোগ সৃষ্টি হবে, যা মানবাধিকার, শরণার্থী আইন, পরিবেশ আইন ও প্রযুক্তির সঙ্গে আইনের আন্তঃসম্পর্ক গবেষণায় নতুন মাত্রা যোগ করবে।

    আইন বিভাগের সম্মানিত চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক কাজী তাসনিম জাহান বলেন, "শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে ব্যবহারিক ও গবেষণাধর্মী আইনি শিক্ষায় সমৃদ্ধ করতেই আমাদের এই উদ্যোগ। আশা করি, এ আয়োজন আমাদের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও পেশাগত উৎকর্ষ অর্জনে নতুন দিশা দেখাবে।"

    গবেষণার উৎকর্ষ ও একাডেমিক অবদানকে উৎসাহিত করতে সম্মেলনে শ্রেষ্ঠ গবেষণাপত্র পুরস্কার, প্রতিটি আলোচনাপর্বের শ্রেষ্ঠ উপস্থাপক পুরস্কার, উদীয়মান গবেষক পুরস্কার এবং গবেষণায় অসামান্য অবদান পুরস্কার—এই চারটি বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। এছাড়া, সম্মেলনের প্রচার ও প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ক্যাম্পাস প্রতিনিধিদের জন্য ‘শ্রেষ্ঠ ক্যাম্পাস প্রতিনিধি’ পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।

    সম্মেলনের সময়সূচি অনুযায়ী, আগ্রহীদের আগামী ২৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে সারসংক্ষেপ জমা দিতে হবে। মনোনীত সারসংক্ষেপের ফলাফল ঘোষণা করা হবে ৯ নভেম্বর ২০২৬ তারিখে। পরবর্তীকালে ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ গবেষণাপত্র জমা দিতে হবে এবং আগামী ২০ নভেম্বর ২০২৬ তারিখে কাঙ্ক্ষিত এ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

    আগ্রহী গবেষকদের সর্বোচ্চ ৩০০ শব্দের সারসংক্ষেপ এবং ৩ থেকে ৫টি প্রাসঙ্গিক মূল শব্দ (Keywords) জমা দিতে হবে। আগ্রহীরা সম্মেলনের অফিশিয়াল প্রচারপত্রে (Poster) সংযুক্ত কিউআর কোড (QR Code) ব্যবহার করে জমা দেওয়ার প্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা জানতে পারবেন। এ সংক্রান্ত যেকোনো তথ্য ও যোগাযোগের জন্য সংগঠনটির অফিশিয়াল ওয়েবসাইট www.fulmos.org এবং ইমেইল [email protected]এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।