ফেনী ইউনিভার্সিটির ইইই ডিপার্টমেন্ট আয়োজিত “AI and Cybersecurity” বিষয়ক দুই দিনব্যাপী স্বল্পমেয়াদী কোর্স সম্পন্ন।
ফেনী, ২৫ অক্টোবর ২০২৫ — ফেনী ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ আয়োজিত দুই দিনব্যাপী স্বল্পমেয়াদী কোর্স “A SHORT COURSE ON AI AND CYBERSECURITY: FOUNDATIONS AND FRONT-LINES” আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৪ ও ২৫ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও সাইবার সিকিউরিটি বিষয়ে তাত্ত্বিক জ্ঞান ও হাতে-কলমে বাস্তব অভিজ্ঞতা প্রদান।
দ্বিতীয় দিনের সকালের সেশনে ইইই বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সামিউল হক ডিফ নিউরাল নেটওয়ার্ক বিষয়ে কীনোট বক্তব্য উপস্থাপন করেন এবং হাতে-কলমে প্রদর্শনী পরিচালনা করেন। তিনি ডিফ নিউরাল নেটওয়ার্কের গঠন, প্রশিক্ষণ প্রক্রিয়া এবং বাস্তব জীবনে এর প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এরপর রাবেয়া খাতুন, প্রভাষক ও সহকারী প্রক্টর, ইইই বিভাগ, জেনারেটিভ এআই বিষয়ের ওপর একটি গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন, যেখানে তিনি জেনারেটিভ এআই-এর দ্রুত অগ্রগতি এবং বিভিন্ন শিল্পক্ষেত্রে এর প্রভাব তুলে ধরেন। পুরো সেশন সার্বিক সহযোগিতা করেন ফরহাদ জাবেদ, ল্যাব টেকনিক্যাল অফিসার, ইইই ডিপার্টমেন্ট।
বিকেলের সেশনে ইইই বিভাগের প্রভাষক ফয়সাল আনোয়ার এবং সিনিয়র ল্যাব টেকনিক্যাল অফিসার কিশলয় ধর যৌথভাবে সাইবার সিকিউরিটি বিষয়ে সেশন পরিচালনা করেন। অংশগ্রহণকারীরা এতে সাইবার নিরাপত্তার মৌলিক ধারণা, আধুনিক হুমকি সনাক্তকরণ ও প্রতিরোধ কৌশল বিষয়ে তাত্ত্বিক এবং ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
কোর্স শেষে ফেনী ইউনিভার্সিটির মাননীয় ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ আবুল কাশেম এবং ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ শোহরাব হোসেন অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। দুই দিনব্যাপী এ কোর্সের মাধ্যমে ফেনী ইউনিভার্সিটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা বিষয়ে আধুনিক জ্ঞান ও দক্ষতা বিকাশে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।